রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মামলাটি করেন মাইক্রোবাসচালক। মামলায় এনা পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করা হয়েছে। রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাসচালক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় এনা পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে সকালে ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ট্রাফিকের এ কর্মকর্তা বলেন, কিছু মানুষ হয়তো আহত হয়েছেন, তবে ঘটনার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে চলে গেছেন। আমরা এসে তাদের পাইনি। তবে, এ ঘটনাস্থল থেকে এনা পরিবহনের বাস ও মাইক্রোবাস রেকার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।