বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে গত নভেম্বরেই ঝড় বয়ে যায় ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এবং টুইটারে নিজের নাম থেকে স্বামী নিক জোনাসের পদবি সরানোয় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। আর এসব সামলাতে গিয়ে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়েন প্রিয়াঙ্কা।
জল্পনার মাঝেই অভিনেত্রীর মা সে সবের ইতি টানার চেষ্টা করেন। তারপর নিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে প্রেমের কথা লিখে সবার মুখ বন্ধ করেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে কথা বলেছেন নায়িকা।
অভিনেত্রী জানান, সেই সময়ে তারকা হওয়ার বিড়ম্বনা সহ্য করতে হয়েছে তাকে। সর্বক্ষণ তার দিকে মানুষের চোখ। পদবি সরিয়ে দেয়ার পর বিতর্ক শুরু হয় তাকে নিয়ে। যদিও তা নায়িকার কাছে পেশাদার জীবনের একটি অঙ্গ। কিন্তু সেই সব মুহূর্তগুলো সামলাতে গিয়ে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়েন তিনি।
প্রিয়াঙ্কার ভাষ্যমতে, আমি যদি কোনো ছবি পোস্ট করি তাতে ছবির নেপথ্যে কী আছে, মানুষের চোখে সে সবই বেশি পড়ে। এরপর শুরু হয় নানা জল্পনা। তুচ্ছ বিষয়কেও বড় করে দেখা হয়।
বলি তারকা প্রিয়াঙ্কা ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে বিয়ে করেন মার্কিন গায়ক নিক জোনাসকে। এরপর থেকে আমেরিকায় সংসার শুরু করেন নায়িকা। মাঝে যদি হিন্দি সিনেমার শুটিং থাকে তাহলেই ভারতে আসেন। ক’বছর বিরতির পর ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমায় দেখা যাবে তাকে। আর এতে তার সঙ্গে থাকবেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ।