নরসিংদীর নজরপুর ইউনিয়নে এক মাদকসেবির ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১ জন।
আজ বুধবার (০৭ এপ্রিল) সকাল নয়টার দিকে নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছগরিয়াপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছেলে ফরহাদ মিয়া (৬০) ও মৃত দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৫০)। এই ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের জনু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৪৫)। এই ঘটনায় অভিযুক্ত মাদকসেবি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলী (২৪) কে আটক করেছে পুলিশ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার ও এলাকাবাসী জানায়, সকালে ফরহাদ মিয়া ও আলী আকবর কৃষিজমিতে কাজ করছিলেন। এসময় একই এলাকার চিহ্নিত মাদকসেবি ইউনুস আলী ওই জমিতে গিয়ে ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করতে থাকে। ডাক চিৎকারে পাশে থাকা সেচপাম্প চালক সেন্টু মিয়া তাদের বাচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত সেন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে এলাকাবাসী অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।