নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে শরীফ ও নাসির নামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ সিপাহী আহত হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের বন্দরের সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানের সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে বন্দরের সোনাচোরা এলাকায় অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। সোনাচোরা পুদলীপাড়া এলাকার মাদক কারবারি হুমায়ূনসহ তার সহযোগী কবির, কালু, মনসুর বাবুকে মাদকসহ আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় হুমায়ুন ও তার সহযোগীরা সিপাহী শরীফ ও নাসিরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার সোনাচোরা এলাকায় অভিযান চালানোর সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ সিপাহীকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।