মাদারীপুরের রাজৈরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত এ তিন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।
এর আগে গত ২৩ মে ভ্যানচালক সালাম শেখকে চান্দেরবাজার এলাকায় কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় এলাকাবাসী সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পরদিন ৪১ জনকে আসামি করে নিহতের চাচাতো ভাই বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাত দিনের মাথায় গ্রেফতার করা হয় এ তিন আসামিকে।