মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাওসার (২৬) নামে রেস্টুরেন্টের এক বাবুর্চি মারা গেছেন। শনিবার (৫ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার লবঙ্গ নামের রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাওয়াডুবি এলাকার আবুল ফজল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে অবস্থিত লবঙ্গ রেস্টুরেন্টের রান্নাঘরে রান্না করছিলেন কাওসার ও রানা। এ সময় বাহিরে হওয়া বৃষ্টির পানিতে রেস্টুরেন্টের রান্নাঘরের ফ্লোর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে কাওসার ও রানা দুজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে রেস্টুরেন্টের অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। পরে আহত রানাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
লবঙ্গ রেস্টুরেন্টের মালিক শরিফুল ইসলাম মাসুদ জানান, বিকেলে অস্বাভাবিকভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এরপর থেকেই শহরের বেশ কয়েকটি রেস্টুরেন্টসহ আশপাশের কয়েকটি বাড়ি দোকান ও বাসা বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন করে জানানেও ব্যবস্থা নেয়নি কেউ। এর মধ্যেই রেস্টুরেন্টের রান্না ঘরে কাজ করা অবস্থায় কাওসার ও রানা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে কাওসার মারা যান। তবে রানা সুস্থ রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, লবঙ্গ রেস্টুরেন্টে এক কর্মচারী মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এরপর থেকে রেস্টুরেন্টটির সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।