মাদারীপুরে অভিযান চালিয়ে এক হাজার ২০০ কেজি জাটকাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। পরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় শনিবার (২৪ এপ্রিল) সকালে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।
তিনি জানান, র্যাবের সহায়তায় জাটকা বিক্রির দায়ে আটক দুজনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাটকা এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি এলাকার গৌর মালোর ছেলে লক্ষণ মালো (১৭) ও একই উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ডালিম মোল্লার ছেলে জিহাদ মোল্লা (১৮)।
জানা গেছে, শরীয়তপুর থেকে জাটকাবোঝাই করে একটি পিকআপ ফরিদপুর যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মাদারীপুর সদরের খোয়াজপুরে সড়কে তল্লাশি শুরু করেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৪ এপ্রিল) ভোরে ওই এলাকায় একটি পিকআপে তল্লাশি করে ড্রামবোঝাই এক হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় লক্ষণ মালো ও জিহাদ নামে দুজনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।