মানিকগঞ্জে কাভার্ডভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন আরোহী।
শনিবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সবুজ (২৩)। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার ধুপুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
এছাড়া আহত মোটরসাইকেলচালক নাজমুল হাসান রনির (৩০) পাবনার আমিনপুর উপজেলার মাসুদিয়া কাজীপাড়া গ্রামের কাদের শেখের ছেলে ও ফরহাদ(২৬) নাগরপুর থানার ধুপুরিয়া গ্রামের ময়নাল হোসেনের ছেলে ।
জানা যায়, সবুজসহ তিনজন মোটরসাইকেলে ঢাকার গাবতলী অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মানিকগঞ্জের অদূরে দিঘী এলাকায় পাটুরিয়াগামী সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যানচাপায় (ঢাকা-মেট্রো-ট-১৩-২১৩৯) এ দুর্ঘটনাটি ঘটে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান ভুলপথে যাওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানচালক ইমরান খানকে (২৫) আটক করা হয়েছে।