ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (১৬) সদর উপজেলার জাগীর ইউনিয়নের গোলড়া চরখণ্ড গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন আর মো. সাইম (১৫) একই গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি জাগীর উচ্চ বিদ্যালয়েল নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জাকির ও তার বন্ধু সাইম মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়কের ধলেশ্বরী ব্রিজের ওপরে এলে বিপরীত থেকে আসা সেলফি পরিবহন তাদের চাপ দেয়।
আরও পড়ুন : চাঁদপুরে নৌকা ডুবে নববধূ নিখোঁজ, স্বামীসহ চারজনকে উদ্ধার
এ সময় মোটরসাইকেল চালক জাকির ব্রেক করলে পেছনে থাকা ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে জাকির নিহত হয়। আর সাইমকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে সাইম মারা যায়।
গোলড়া হাইওয়ে থানার ওসি রুপম চন্দ্র দাস জানান, ট্রাকচালকের সহকারী গাড়ি চালাচ্ছিল। ঘটনাস্থল থেকেই ট্রাকচালকে আটক করা হয়েছে। এ ছাড়াও সেলফি পরিবহনসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।