অনলাইন ডেস্কঃ মো. রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামে মানিকগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর ভূয়া (এপিএস-২) ও সহকারী একান্ত সচিবও পরিচয় দেয়া প্রতারককে আটক করেছে র্যাব-৪।
শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার ৬ নং ওয়ার্ডের মো. রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রুবেল মিয়ার বাড়ি হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামে। তিনি শেখ মোশারফ হোসেনের ছেলে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ আঞ্চলিক কোম্পানি কমান্ডার এএসপি উনু মং। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মানিকগঞ্জ এলাকায় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু পরিচয় দিয়ে, গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে, বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
বিভিন্নজনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণভবন থেকে নৌকা প্রতীক এনে দেওয়ার কথা বলেন। আবার কোনো কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন। এ ছাড়া ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেটের ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন।
এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বেতিলা এলাকার মো. রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তখন তার কাছে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র্যাব -৪ এর মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেন। সদর উপজেলার বেতিলা এলাকার মো. রমজান মোল্লার দোতলা বাড়িতে তিনি ভাড়া থাকতেন। ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খান বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন।
©বিডি প্রতিদিন