পাকিস্তানের টিকটক তারকা হারিম শাহ ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এফআইএ) তার বিরুদ্ধে কথিত মানি লন্ডারিং মামলায় ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকার জন্য সিন্ধু হাইকোর্টকে (এসএইচসি) ধন্যবাদ জানিয়েছেন।
হালের এই টিকটক সেনসেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। তার আইনজীবী মুনির আহমেদ খানকে ধন্যবাদ জানান তার হয়ে মামলা লড়ার জন্য।
হারিম শাহ বলেন, আমার অনুপস্থিতিতে মানি লন্ডারিং মামলায় এফআইএ-এর তদন্তের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করার জন্য আমার আইনজীবী মুনির খানকে ধন্যবাদ জানাচ্ছি।
এই টিকটক তারকা মানি লন্ডারিং মামলায় এফআইএ’কে তার গ্রেপ্তার থেকে বিরত করার জন্য এসএইচসি’কেও ধন্যবাদ জানিয়েছেন।
হারিম শাহ বলেন, আমি পাকিস্তানে ছিলাম না এবং এফআইএ থেকে সরাসরি কোনো নোটিশ পাইনি, তবে আমি মিডিয়ার মাধ্যমে মানি লন্ডারিং মামলার খবর ও তথ্য পাচ্ছি। সব মিডিয়াকেও জানাতে চাই যে আপনার যদি মানি লন্ডারিং মামলার বিষয়ে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হয় তবে মুনির খানের সঙ্গে যোগাযোগ করুন তিনি আমার আইনজীবী এবং মুখপাত্রও, এজন্য মিডিয়াকে আমার চেয়ে ভালো উত্তর দিতে পারবেন তিনি।
গত সোমবার সিন্ধু হাইকোর্ট (এসএইচসি) অর্থ পাচারের মামলায় টিকটক সেনসেশন হারিম শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া থেকে এফআইএ’কে নিষেধ করেছেন।
গত ১০ জানুয়ারি এই টিকটকার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলেন সেখানে তাকে ব্রিটিশ পাউন্ডের দু’টি স্ট্যাক ফ্লান্ট করতে দেখা যায়।
এফআইএ ঘোষণা করে যে, হারিম শাহ অবৈধভাবে বিপুল নগদ অর্থ যুক্তরাজ্যে নিয়ে গেছেন।
স্থানীয় গণমাধ্যম জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, এফআইএ হারিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে (এনসিএ) একটি চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে।
এফআইএ’র একজন মুখপাত্র জানায়, যুক্তরাজ্যে ভ্রমণের বিষয়ে একটি তদন্ত চলছে, হারিম নিজেই যুক্তরাজ্যে অর্থ পাচারের কথা স্বীকার করেছেন।
এক সপ্তাহ আগে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে হারিম শাহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। লন্ডনে দু’টি এবং বার্মিংহামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনে অংশ নেন তিনি।