ইউক্রেনের মারিউপোলে গোলাগুলিতে নিহত বেসামরিক লোকজনের দেহ সংগ্রহ করে পুঁতে ফেলছেন রাশিয়ার সৈন্যরা। পাশাপাশি পুড়িয়েও ফেলছেন তারা। যুদ্ধাপরাধ ঢাকতে এ পথ বেছে নিয়েছেন রুশ বাহিনী।
যুদ্ধবিধ্বস্ত মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো এ অভিযোগ করেছেন।
তিনি বলছেন, আজ মঙ্গলবার (১২ এপ্রিল) এ দৃশ্য দেখা গেছে। এখানে বিশেষ ধরনের গাড়ি নিয়ে এসেছেন রুশ সেনারা। সেগুলো ভ্রাম্যমাণ শ্মশান হিসেবে ব্যবহার করছেন তারা।’
বয়চেঙ্কো বলেন, সেসব গাড়ির ভেতরে বিশেষ ধরনের চুল্লি বসানো রয়েছে। তাতে মরদেহ পুড়িয়ে ফেলছে রাশিয়ার বাহিনী। ইতোমধ্যে হাজার হাজার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। বিশ্ববাসীর দৃষ্টি থেকে নিজেদের নিষ্ঠুর হত্যাযজ্ঞ আড়াল করতে এ কাজ করছেন তারা।
এক টেলিভিশন বক্তৃতায় ওই নগর মেয়র এসব দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তা উঠে এসেছে।
তিনি আরও বলেন, শুধু মারিউপোলে নয়, এ শহরের নিকটবর্তী খার্তসিজক শহরেও একইভাবে নিহত লোকজনের মরদেহ পুড়িয়ে ফেলছেন রুশ সেনারা। শহরটি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে বয়চেঙ্কোর এসব অভিযোগের সত্যতা খুঁজে পাননি আলজাজিরার প্রতিবেদকরা।