ঢাকা দলে নিয়েছে মাশরাফী বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট তথা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন তারা। এই তিনজনের রসায়নে ঢাকাও এবার করতে পারে অনন্য কীর্তি। তিন ক্যাটাগরিতে তিনজনই যে সেরার কাতারে।
এদিকে, অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটে মাশরাফী-তামিম-মাহমুদউল্লাহ তিনজনেরই আছে মর্যাদাপূর্ণ অবস্থান। আর তাই প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই প্রশ্ন উঠেছিল- ঢাকার অধিনায়কত্ব কে পাচ্ছেন?
দেশের সর্বকালের সেরা অধিনায়কের পাশাপাশি বিপিএল ইতিহাসেরও সফলতম অধিনায়ক মাশরাফী। এছাড়া জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে, টি-টোয়েন্টির আর্মব্যান্ড মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। তবে শেষ পর্যন্ত রিয়াদকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ঢাকা।
ফ্রাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, আমাদের ক্যাপ্টেন কুল মাহমুদউল্লাহ রিয়াদকে গর্বের সঙ্গে উপস্থাপন করছি। তাকে আমাদের দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি। তার অধীনে দল জয় ছিনিয়ে আনবে।
দলটিতে আরও আছেন রুবেল হোসেন, শামসুর রহমান, মোহাম্মদ শেহজাদ, নাজিবুল্লাহ জাদরান, ইসুরু উদানারা। পঞ্চপাণ্ডবের বাকি দুইজন হলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এদের মধ্যে সাকিব আল হাসান খেলবেন বরিশালের হয়ে আর খুলনার হয়ে খেলবেন মুশফিকুর রহিম।
এক নজরে ঢাকায় যারা
মাশরাফী বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আরাফাত সানি, নাঈম শেখ, রুবেল হোসেন, ইমরানউজ্জামান, শফিউল ইসলাম, আরাফাত সানি, ফজল হক ফারুকি, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান।