বগুড়ার শিবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী বিধবা নারী (২৫) ধর্ষণের শিকার হয়ে সাতমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাদলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতেই শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা। মামলায় স্থানীয় ইউপি সদস্যসহ চারজনকে আসামি করা হয়।
গ্রেফতার বাদল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাশাবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রহিম উদ্দিন। বাদল শিবগঞ্জ উপজেলায় বিয়ে করে ঘর জামাই থাকতেন।
অভিযুক্ত ইউপি সদস্যর নাম জাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। অন্য দুইজনের নাম গ্রেফতারের পর জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
ধর্ষণের শিকার ঐ নারীর মা বলেন, আমি থানায় অভিযোগ দেয়ার পর থেকেই ইউপি সদস্য জাহিদুল ও তার লোকজন আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘটনার এতোদিন পরে মামলা করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে কিছু বললে, আমাকে মেরে ফেলবে বলে হুমকিও দিয়েছিল বাদল।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মামলার পরপরই অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।