গতকাল বুধবার ছিল দেশের অন্যতম আলোচিত তারকা রাফিয়াথ রশিদ মিথিলার জন্মদিন। দিনটিতে শুভেচ্ছাবার্তায় ভেসেছেন তিনি।
তবে সব শুভেচ্ছাবার্তা ছাপিয়ে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে নজর কেড়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
প্রশ্ন উঠতে পারে তাহলে কী এমন লিখেছেন ‘আয়নাবাজি’র নির্মাতা। মিথিলাকে শুভেচ্ছা জানাতে অমিতাভ মাঝে টেনে আনলে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
রসিকতার ছলে এ গুণী নির্মাতা বোঝাতে চাইলেন, জয়ার মতো কলকাতায় জনপ্রিয় হয়ে উঠছেন মিথিলাও।
অমিতাভ রেজা নিজের ওয়ালে জয়া আহসানের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন— ‘Happy birthday Rafiath Rashid. তোর ছবি ফোন-এ নাই, তাই আপাতত জয়া আহসানের দিলাম। বাসায় গিয়ে পাল্টায়ে দিচ্ছি। On a serious note… তোর চেয়ে ভালো বন্ধু আমার industryতে নাই। love ❤️ love ❤️.’

বর্তমানে কলকাতায় একের পর এক কাজ করছেন মিথিলা। ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজের সিজন টুতে অভিনয় করেছেন। আগামীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয় খুকু আয়া’ মুক্তি পাবে।
এর বাইরে অনন্য মামুনের ‘অমানুষ’, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ তে দেখা যাবে মিথিলাকে। সবমিলে দুই বাংলাতেই এখন সমান ব্যস্ততা মিথিলার।