পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হয়েও জেলায় জমি না থাকায় খুলনার মীম আক্তারের চাকরি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে পরীক্ষায় প্রথম হয়েও পুলিশে চাকরি না পাওয়া ভূমিহীন খুলনার সেই মীম আক্তারকে ঘর দিচ্ছেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। এছাড়া সরকার সিদ্ধান্ত দিলে পুলিশ কনস্টেবল পদে চাকরিও দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে প্রথম হয়েছিলেন মীম আক্তার। কিন্তু খুলনায় তাদের স্থায়ী ঠিকানা বা জমি না থাকায় তার চাকরি হয়নি বলে তার পরিবার অভিযোগ করেছিলেন। মীম তার বাবা রবিউল ইসলামের সঙ্গে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাড়ি থাকেন।