মুক্তির আগে ফের বিতর্কে জড়িয়েছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ’কে দেখানো হয়েছে, যৌনকর্মী হিসেবে। এতে চরমভাবে ক্ষুব্ধ তার পরিবার।
‘গাঙ্গুবাঈ’য়ের দত্তক-সন্তান বাবুরাওজি শাহ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। খবর হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’-এর ওপর ভিত্তি করে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ চলচ্চিত্র তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি।
গাঙ্গুবাইয়ের পরিবারের অভিযোগ, মুম্বাইয়ের কাথিয়াওয়াড়ির বাসিন্দা গঙ্গা হরিজীবনদাস ওরফে ‘গাঙ্গুবাঈ’কে যেভাবে এই সিনেমাতে বর্ণনা করা হয়েছে, তা একেবারেই ঠিক নয়।
গঙ্গা হরিজীবনদাসের ছেলে বাবুরাওজি শাহ বলেন, আমার মাকে যৌনকর্মীতে পরিণত করেছেন সঞ্জয়লীলা বনশালি। এখন লোকে তাকে নিয়ে খারাপ কথা বলছে।
‘গাঙ্গুবাঈ’-এর পারিবারিক আইনজীবীর দাবি, ‘গাঙ্গুবাঈকে ডন হিসেবে ছবিতে দেখানো হয়েছে।তাকে খুব খারাপভাবে ছবিতে দেখানো হয়েছে। এর কোনও ভিত্তি নেই। নোংরামি করা হয়েছে। একজন সমাজকর্মীকে, যৌনকর্মী হিসেবে ছবিতে দেখানো হয়েছে। কোন পরিবার এটা সহ্য করবে?’