মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ত্রিশ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ শুক্রবার(১৫ই জানুয়ারি) ভোর ৬ টার দিকে সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বেলা ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে আতাউর রহমান লিও, একই উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ মিলন (৩২), মধ্য পাইকপাড়া গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ রাজু হসেন রাজিব (৩৪)। এদের মধ্যে মো. আতাউর রহমান লিও (৩৪) আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দলনেতা এবং এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, আটকদের তল্লাশিকালে মো. আতাউর রহমানের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, মোহাম্মদ মিলনের কাছ থেকে ৫০পিস ইয়াবা ও মোহাম্মদ রাজুর থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তাছাড়া আসামী লিও আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দলনেতা এবং এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু আছে।