ডেস্ক রিপোর্টঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ষষ্ঠ চীন মৈত্রী সেতুর ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন ওমি (২২) ও আজমুল হোসেন মো: শায়র (১৮)। এর মধ্যে শায়র নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে। আর মুন্সীগঞ্জ উপজেলার সদরের চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে ওমি।
মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো: বজলুর রহমান জানান, মুক্তারপুর সেতুতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শায়র নামের এক আরোহী নিহত হন। চালক ওমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, শায়র ও ওমি মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আসার পথে মুক্তারপুর সেতুর ওপর বেপরোয়া গতিতে আসছিলেন। এ সময় সেতুর ওপর একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দু’জনই ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে শায়র নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওমিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর ওমিও মারা যান।