গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মরদেহ সুরতহাল করার সময় শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসিউজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় মুশতাকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. সাফি মোহাইমেন মরদেহের ময়নাতদন্তের কাজ শেষ করেন।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লেখক মুশতাকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় আইনী প্রক্রিয়ায় স্বজনরা মরদেহ গ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় লেখক মুসতাক আহমেদের।
‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে’র অভিযোগে গ্রেফতার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এদিকে মৃত্যু নিয়ে স্বজনরা গণ্যমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও তার সহকর্মীরা করেছেন নানা অভিযোগ।