ভারতের ত্রিপুরায় সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলার খবর প্রচার করায় দুই নারী সাংবাদিককে আটক করেছে পুলিশ। সমৃদ্ধি সাকুনিয়া এবং স্বর্ণা ঝা নামে ওই দুই সাংবাদিক এইচডব্লিউ নিউজ নেটওয়ার্কে কর্মরত আছে।
দুই নারী সাংবাদিককে আটকের নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। ত্রিপুরা পুলিশ জানায়, উদয়পুরে আরএসএস, ভিএইচপির নেতাকর্মীরা মুসলিমদের বাড়িঘর এবং মসজিদ আগুন দিয়েছে- সমৃদ্ধি সাকুনিয়ার এমন টুইটের পর তার বিরুদ্ধে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ।
আর সহিংসতার খবর প্রকাশের ঘটনায় আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ৭১ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে ত্রিপুরা পুলিশ। গত মাসে ত্রিপুরায় বেশ কয়েকটি মুসলিম বসতিতে হামলা হয়।
পুলিশ বলছে, সমৃদ্ধি সাকুনিয়ার অভিযোগের প্রমাণ পায়নি তারা। এ নিয়ে জানার জন্য দুই সাংবাদিককে আগরতলায় আসতে বলা হয়। পরে যখন জানা যায় যে তারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, তখন তাদের আটক করা হয়।
দুই সাংবাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দর যাওয়ার পথে আটক করা হয় তাদের। নিলামবাজার পুলিশ স্টেশনে সাড়ে তিন ঘণ্টা বসিয়ে রাখার পর ত্রিপুরা পুলিশের একটি দল এসে তাদের নিয়ে যায় বলে জানান ওই দুই নারী সাংবাদিক।
তারা বলেন, আমাদের আইনজীবী আসছেন জানিয়ে আমরা তাদের (পুলিশ) অপেক্ষা করতে বলি। কিন্তু তারা চিৎকার করে বলে কেউ এখানে আসবে না। আটক করার আদেশও আমাদের দেখায়নি পুলিশ।