তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসলাম বিরোধী মনোভাবকে বৈধতা দানের বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এমন বিদ্বেষী মনোভাব বিশ্বজুড়ে মুসলিমদের উপাসনার স্বাধীনতাসহ অন্যান্য স্বাধীনতা সীমিত করে ফেলছে।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদন অনুযায়ী, ইস্তানবুলে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সভায় বক্তৃতাকালে এরদোগান বলেন, এই মনোভাবের কারণে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হামলাও বাড়ছে।
‘ইউরোপীয় ইসলামোফোবিয়া রিপোর্ট-২০২১’ অনুসারে, বেশ কয়েকটি দেশ ইসলাম বিরোধী মনোভাব তথা ইসলামোফোবিয়াকে প্রাতিষ্ঠানিক করার নীতি প্রণয়ন করায় ইসলামোফোবিয়ার বিষয়টি ইউরোপ জুড়ে একটি ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে।
সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশগুলো ‘মুসলিম-বিদ্বেষ ও ইসলামোফোবিক ঘটনার প্রধান স্পট’ হয়ে উঠেছে।
এরদোগান হলেন এমন একজন ইউরোপীয় নেতা যিনি পশ্চিমাদের নীরবতা এবং নিষ্ক্রিয়তা সত্ত্বেও লাখ লাখ মুসলমানের জন্য ক্রমবর্ধমান সমস্যা সৃষ্টিকারী ইসলামোফোবিয়ার উত্থানের বিরুদ্ধে একজন সোচ্চার সমালোচক।
এদিকে মুসলমানদের চলমান সমস্যার মধ্যেও সহযোগিতা বাড়ানোর জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘কাশ্মীর থেকে ফিলিস্তিন, ওয়েস্টার্ন থ্রেস থেকে তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) সব ফ্রন্টে সহযোগিতা না বাড়ালে আমরা মুসলিম বিশ্বের বিরুদ্ধে হামলা মোকাবিলা করতে পারব না।’
এ সময় তুর্কি প্রেসিডেন্ট সন্ত্রাসী গোষ্ঠী আইএস-এর বিষয়ে পশ্চিমাদের ভণ্ডামির সমালোচনা করে এরইমধ্যে ফরাসি সিমেন্ট জায়ান্ট লাফার্জের সন্ত্রাসবাদ তথা আইএসকে সমর্থন করার কথা আদালতে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছেন।