লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ায় দারুণ খুশি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
মেসি ছাড়াও নতুন মৌসুমে প্যারিসের ক্লাবটিতে সই করেছেন ডিফেন্ডার সার্জিও রামোসও। রোনালদিনহো মনে করছেন, মেসি-রামোসদের হাত ধরে চ্যাম্পিয়নস লিগ জিততে পারে পিএসজি।
রামোস দীর্ঘ সময় খেলেছেন রিয়াল মাদ্রিদে। মেসি বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে মেসি-রামোসের দ্বৈরথ ছিল অন্যতম আকর্ষণ। সেই দুজনই এখন সতীর্থ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদিনহো লিখেন, ‘আমার এটার জন্যও ভালো লাগছে রামোসও একই দলে রয়েছে। আমি চ্যাম্পিয়নশিপের গন্ধ পাচ্ছি।’
বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহো পিএসজিতেও খেলেছেন। এই দুই ক্লাবে খেলা প্রসঙ্গে তিনি লিখেন, ‘এই দুই ক্লাবে খেলা সব সময়ই আনন্দের। আমি এর আগে খেলেছি। আর এখন আমার বন্ধু মেসিকে দেখছি।’
২০০৪ সাল থেকে টানা চার বছর একসঙ্গে বার্সেলোনাতে খেলেছেন মেসি ও রোনালদিনহো। পিএসজি থেকে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাব ক্যারিয়ারে সেরা সময় পার করেন রোনালদিনহো। মেসির ক্ষেত্রে অবশ্য উল্টোটা হলো। মেসি বার্সা থেকে যোগ দিলেন পিএসজিতে।
মঙ্গলবারই বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন মেসি। বুধবার নতুন ক্লাবের হয়ে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন তারকা বলেন, আরো একটি চ্যাম্পিয়নস লিগ জয় তার লক্ষ্য।