গাংনীর গাঁড়াডোব-আমঝুপি সড়কের খোকসা ও গাঁড়াডোব মাঠের মধ্যে ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট ও তন্নি হার্ডওয়্যারের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম (৩২)।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খাদেমুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। এ ঘটনায় ৪৬ লাখ টাকা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে স্থাপিত সিটি ব্যাংকের এজেন্ট মালিক ও তন্নি হার্ডওয়ারের স্বত্বাধিকারী।
খাদেমুল ইসলামের ছোট ভাই রানা জানান, ৪৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আমঝুপি-গাঁড়াডোব সড়ক ধরে গাংনী যাচ্ছিলেন খাদেমুল। তিনি আমঝুপি-গাঁড়াডোব সড়কের খোকসা ও গাঁড়াডোব গ্রামের মাঠের মধ্যে পৌঁছানো মাত্র পেছন থেকে মোরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তার গতিরোধ করে টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন খাদেমুল ইসলামের সঙ্গে দুইজন দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা খাদেমুলকে পিছনে গুলি করে। এসময় খাদেমুল রস্তায় পড়ে চিৎকার শুরু করেন। এসময় একটি পাখি ভ্যান আসতে দেখে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।