ফেনীর দাগনভূঞায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম করেছে বখাটে যুবক। সোমবার উপজেলা মাতুভূঞা ইউপির উত্তর আলীপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আবদুল হক চৌধুরী নামের এক বাবাকে পিটিয়ে জখম করেছে বখাটে আবুল হাসনাত।
এ ঘটনায় সোমবার রাতে আবদুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বখাটে আবুল হাসনাত উত্তর আলীপুর ইদ্রিস মিয়ার নতুন বাড়ীর ইদ্রিসের ছেলে।
জানা যায়, উত্তর আলীপুর গ্রামের আবদুল হকের তিন মেয়েকে স্থানীয় বখাটে যুবক আবুল হাসনাত দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় যাওয়া-আসর পথে উত্ত্যক্ত করতো। এই নিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধ করলেও উল্টো তিনি মেয়েদের উত্ত্যক্ত করা আরো বাড়িয়ে দেয়।
সোমবার সকালে আবুল হাসনাত মেয়েদের নাম নিয়ে বাজে মন্তব্য করলে বাবা আবদুল হক নিষেধ করলে বখাটে তার ওপর চড়াও হয়ে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আবদুল হকের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দাগনভূঞা থানা ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।