বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে শাহীন (৩৫) নামে এক জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ছাড়াবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
শাহীন এই এলাকার একরামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি মেরে দ্রুত পালিয়ে যায়। আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এরপর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম শাহীনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের বড় বোন খাদিজা বেগম জানান, মারুফ নামে এক কাঠমিস্ত্রির সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এই ঘটনার জেরেই সে আমার ভাইকে হত্যা করেছে। মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। তিনি মোংলা শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে আসি। এ ঘটনায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।