ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উপহার হিসেবে ২৬শ’ কেজি (৬৫ মণ) আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন।
বেনাপোল কাস্টমস হাউসের উপ কমিশনার অনুপম চাকমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬শ’ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন। দুই দেশের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ উপহার হস্তান্তর করা হয়।
এর আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে রবিবার আম পাঠানোর ব্যাপারে শুক্রবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।