পাবনার চাটমোহরে মোবাইল ফোন কিনে চেয়ে না পেয়ে নানীর উপর অভিমান করে অন্তর (১০) নামের এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ঐ এলাকার আবু সাইদের ছেলে ও জুলেখা খাতুনের নাতী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, নিহত অন্তর ও তার বড় ভাইয়ের বাবা মা ঢাকায় গার্মেন্টস এ কাজ করায় শিশু কাল থেকেই নানী জুলেখা খাতুনের কাছেই থাকতো। অভাবের সংসারে নানী তার দুই নাতীকে নিয়ে দিনমজুরি করতো। গত কয়েকদিন হলো শিশু অন্তর নানীর কাছে একটি এন্ড্রয়েড ফোন কিনে চেয়ে দাবী করতে থাকায় নানী তার দাবী মেনে নেয়নি। সোমবার সকালে দুই নাতীকে নিয়ে যখন কাজে বের হবেন সে সময় আবারও অন্তর মোবাইল ফোন কিনে দিতে নানীর কাছে দাবী করে। এসময় নানী জুলেখা অন্তরকে বকাঝকা করে বড় নাতীকে সাথে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে নানীর উপর অভিমানে ক্ষোভে নিজ ঘরের ডাবের সাথে দড়ি বেধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান বাশির বলেন, খবর পেয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি ছেলেটি তার নানীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে।