বাপ্পি আলম, ক্রীড়া প্রতিনিধি: আরো একটি ড্র এবং আরো একটি হতাশা ফুটবলে ঐতিহ্যবাহি ক্লাবটির দুর্দশা যেনো আর কাটছেই না। এ নিয়ে মোহামেডান ভক্তদের আক্ষেপের শেষ নেই। তাদের অপেক্ষার প্রহর যেনো শেষ হচ্ছে না। ক্রমেই মোহামেডান তার ফুটবল ঐতিহ্য হারাতে বসেছে। দলকে চাংগা করতে সমর্থকদের নানা সংগঠনের নানা উদ্যোগ সবই যেনো বিফলে যেতে বসেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) ফুটবলের ৮ম রাউন্ডের খেলায় আজ মাঠে নেমেছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দল সমানভাবে চেষ্টা করতে থাকে গোল করার জন্য। কিন্তু কোনো দলই বল জালে ঢোকাতে সক্ষম হয়নি। যার ফলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থাও খুব একটা সন্তোষজনক নয়। এই ড্রয়ের ফলে উত্তর বারিধারা পয়েন্ট টেবিলের নবম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে আর ৮ ম্যাচে ২ জয়, ৪ ড্র ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং ৮ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৪টি হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে উত্তর বারিধারা।
এদিকে আজকে অন্যতম বড় চমক উপহার দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারা শেখ রাসেলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।