ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুর থেকে সোহেল রানা (৩১) নামের পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে টাউন হল মোড় থেকে তাকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করে ট্রাফিক পুলিশ।
গ্রেফতার সোহেলের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫নম্বর গোঁসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে। তার বাবা মৃত ইসরাফিল খান।
মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো: সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, টাউন হল মোড়ে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছিলাম। এ সময় চালকের কাছে বাইকের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাইলে তিনি জানান বাসায়। পরে মোটরসাইকেল রেখে তিনি কাগজপত্র আনতে বাসায় যান।
তিনি বলেন, একটু পরে একজন লোক এসে মোটরসাইকেলটি ছেড়ে দেয়ার জন্য সুপারিশ করেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশের এসআই বলে পরিচয় দেন। তিনি পুলিশ সদর দফতরে কর্মরত রয়েছেন উল্লেখ করে আইডি কার্ড বের করে দেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হওয়ায় তাকে পুলিশ বক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। বিপি নম্বর ও কবে কোথায় ট্রেনিং করেছেন বলতে না পারায় তাকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান সার্জেন্ট মো: সোহরাব।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই ফারুকুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দেয়া যুবক সোহেল রানার বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।