জায়েদ খান চার মাস ধরে চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছেন, এমন অভিযোগ করেছেন ওমর সানি। তবে মৌসুমী তা অকপটে অস্বীকার করলেন। এসব নিয়ে চলচ্চিত্রপাড়ায় ঝামেলা-উত্তেজনা চলছেই। এর মাঝখানে ছড়িয়েছে কিছু ভুল তথ্য। এর মধ্যে অন্যতম- আবারও নাকি বাবা-মা হতে যাচ্ছেন সানি-মৌসুমী।
কোনো এক সাংবাদিকের সঙ্গে অভিনেতা ওমর সানির একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে ওমর সানিকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি…।’
সোমবার কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি। তবে ওমর সানি এই তথ্যকে ভুয়া বলে দাবি করেছেন।
তিনি বলেন, ‘বিষয়টি পুরোই গুজব। আমার কথাকে এডিট করা হয়েছে। মাঝের কিছু কথা ফেলে দিয়ে এডিট করে কথাটা ওভাবে ছড়ানো হচ্ছে। এগুলো তো ঠিক না। যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন।’
এদিকে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী। তবে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে যে অভিযোগ ওমর সানি করেছেন তাতে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।