ময়মনসিংহের ফুলপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটনা ঘটেছে। হামলায় চারটি গাড়ি ভাঙচুর ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ফুলপুর হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজে এ হামলার ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিকেলে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ ছিল। আমি সমাবেশের উদ্দেশ্যে রওনা হলে জানতে পারি ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজে হেলমেট পরা আওয়ামী লীগের নেতাকর্মী আমাকে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। বিষয়টি জেলার নেতাকর্মীরা জানতে পেরে আমাকে এগিয়ে আনতে যান। পরে জেলার নেতাকর্মীরা কুইরা ব্রিজ এলাকায় যেতেই হেলমেট পরা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা, গুলি ও ককটেল ছোড়েন। এ সময় দুটি হাইচ ও দুই প্রাইভেটকার ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমাদের পাঁচ নেতাকর্মী আহন হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে আরও নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে ঘটনাস্থলে গেলে হেলমেট বাহিনী পিছু হটে। হামলার পর আমরা সম্মেলন সফল করেছি। পরে কোনো ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে ফুলপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র শ্বশধর সেন বলেন, আমি সারাদিন ময়মনসিংহ শহরে ছিলাম। বিষয়টি আমার জানা নেই।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।
#জাগো নিউজ