সাতক্ষীরার যশোরেশ্বরীতে মন্ত্রপাঠ ও মন্দির পরিদর্শন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মানচিত্র
সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। মন্দিরে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে সতী দেবীকে পুষ্পমাল্য অর্পণ করেন নরেন্দ্র মোদী। এ সময় মন্ত্রপাঠ শুরু করেন পুরোহিত। প্রায় ১০ মিনিট ধরে আনুষ্ঠানিকতা চলে। পরে ভারতের প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন মন্দিরের পুরোহিত।
পূজা শেষে মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মন্দিরে পৌঁছানোর পর পূজা দেয়া এবং নানা অনুষ্ঠানিকতায় ২৫ মিনিট সময় ব্যয় করেন মোদী।
সাতক্ষীরা পৌঁছানোর পর মোদীকে স্বাগত জানানোর পর তাঁকে মন্দিরে বরণ করে নেয়া হয়। ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে সকাল ১০টার পরপরই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে মোদীকে বহনকারী হেলিকপ্টার।
নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কালীমন্দিরকে সাজানো হয় নানান রং ও ফুলে। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত সড়কের দু’ধারে টানানো হয় বাংলাদেশ ও ভারতের পতাকা। মোদীর আগমনকে ঘিরে পুরো এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
সাতক্ষীরায় পূজা দেয়া শেষে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন। মন্দির পরিদর্শন এবং পূজা শেষে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী।
গোপালগঞ্জ থেকে ফিরে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই ও বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনের কথা রয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন ভারতের প্রধানমন্ত্রী।
এর আগে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোদীকে বহনকারী বিশেষ বিমানটি। সেখান তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা পৌঁছানোর পর সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এরপর, বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মোদী।