যশোরের মণিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের মাদ্রাসা ছাত্র মামুন হাসানকে (২২) হত্যার মূল পরিকল্পনাকারী সিরাজ, আনিছুর মেম্বর, ফাকসহ জড়িতদেরর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় কদমবাড়িয়া ভাটার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই মানববন্ধনে অংশ নেন নিহত শিক্ষার্থীর মা ছকিনা বেগম, পিতা মশিয়ার রহমান ও বোন লিমা খাতুন।
গত ১৬ ফেব্রুয়ারি রাত ১১ টা থেকে তিনটা পর্যন্ত উপজেলার খোজালিপুর গ্রামের মাঝের পাড়ায় মামুনকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করেন একই এলাকার সিরাজ, আনিছুর মেম্বর, ফারুক, লাভলু, সোহাগ, আলতাফসহ অনেকে। মোবাইল ফোন চোর সন্দেহে তাকে প্রায় চার ঘণ্টা নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়। মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান।
পরদিন সকালে পুলিশ নিয়ে ছেলেকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন মা ছকিনা বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান মামুন। এ ঘটনায় মামলার পর থেকে পলাতক রয়েছে সিরাজ, আনিছুর মেম্বারসহ অন্যরা। তাদের আটকের দাবিতেই গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
ছেলের খুনের বিচারের দাবি সম্বলিত ফেস্টুন হাতে ধরে মানবন্ধনে অংশ নেন পিতা মশিয়ার রহমান, ছকিনা বেগম।
এসময় মশিয়ার রহমান বলেন, আমার ছেলেরে ওরা ডেকে নিয়ে মেরে ফেলেছে। খুনিদের বিচার চাই।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী, পুরুষ, শিশু ও মামুনের সহপাঠীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করেন তারা।