যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুরে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় ১১ জন যাত্রী আহত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরে আসছিল। বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর পৌঁছলে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে যোগ দেন।
তিনি আরো জানান, বাসটিতে ৩০/৩৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অনেকে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন। অন্যদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।