যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসে গত বছর পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিচারকাজ শুরু হয়েছে।
সোমবার মিনিয়াপোলিসের একটি আদালতে উদ্বোধনী বক্তব্য রাখেন মামলার প্রসিকিউটররা। আদালতে বক্তব্য রাখেন জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা।
অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডকে মাটিতে চেপে ধরে রেখে হত্যার ভিডিও দেখানো হয় আদালতে। এসময় বাদী পক্ষের আইনজীবী জেরি ব্ল্যাকওয়েল বলেন, জর্জ ফ্লয়েড শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তার গলায় হাঁটু চেপে ধরে ছিলেন ডেরেক শভিন। জর্জ ফ্লয়েড বারবার ছেড়ে দেয়ার আকুতি জানালেও তা শুনেন নি তিনি।
জর্জ ফ্লয়েডের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন ডেরেক শভিন। পুরো বিচারকাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ১৪ জন বিচারকের সবাই একমত হলে তবেই ডেরেক শভিন দোষী সাব্যস্ত হবেন। এই মামলায় ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে ডেরেক শভিনের।