আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজাতে ১১ দিন হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের আগে ইসরায়েল সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তবে এব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেওয়া হয়নি।
গাজায় বিবিসির প্রতিনিধি রুশদি আবুয়ালউফ এক টুইট বার্তায় লিখেছেন, ‘যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে জড়িত সূত্র বিবিসিকে বলেছেন, বৈঠকের পর যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিসরকে জানাবে ইসরায়েল। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করছে মিসর।’
এর আগে ফিলিস্তিন প্রতিরোধ সংগঠম হামাস রাজনৈতিক দলের কর্মকর্তা মৌসা আবু মারজোক লেবাননের আল-মায়েদিন টিভিকে বলেন, ‘আমি মনে করি, যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টা সফল হবে। আমি আশা করি, এক বা দুই দিনের মধ্যে দুই দল যুদ্ধবিরতিতে পৌঁছাবে এবং এই যুদ্ধবিরতি হবে পারস্পরিক চুক্তিতে।’
তাছাড়া গাজায় হামলা কমিয়ে দ্রুত যুদ্ধবিরতির দিকে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এখনই শেষের শুরু করতে হবে।
ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে গত ১০ মে থেকে গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালাচ্ছে হামাসও।
ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ জনই শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলিরও।