বাংলাদেশ-পাকিস্তান সিরিজে মাঠের খেলা ছাপিয়ে আলোচনার বিষয় মিরপুরে স্টেডিয়ামে পাকিস্তান প্রেমী সমর্থক। স্বাগতিক হয়েও যেন নিজেদের মাঠে কোণঠাসা বাংলাদেশ। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মাহমুদউল্লাহ্ রিয়াদদের বিপক্ষেই বাবর আজমদের সমর্থন দিচ্ছে অনেক বাংলাদেশি সমর্থকরা।
এমন বিপুল সমর্থন দেখে অবাক হয়েছেন দ্বিতীয় ম্যাচের ম্যাচসেরা ব্যাটার ফখর আজমও। এই পাকিস্তানি ব্যাটার জানিয়েছেন, বাংলাদেশিদের এমন সমর্থন বিষ্মিত করেছে পাকিস্তান দলকে। রাজনৈতিক বৈরিতার পরও এই দেশে এমন সমর্থন দেখে ফখরের মনে হচ্ছে, বাংলাদেশ নয়, পাকিস্তানের মাটিতে খেলছেন তারা।
দ্বিতীয় ম্যাচ শেষে ফখর বলেন, ‘মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি। যখন আমরা কোনো উইকেট নিচ্ছি কিংবা ভালো কোনো শট খেলছি তখন বাংলাদেশের ক্রিকেটাররা যেমন সমর্থন পাচ্ছে, ঠিক একইরকম সমর্থন আমরাও পাচ্ছি।’
সবশেষ ২০১৮ তে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। তবে সেবার বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এত পাকিস্তান সমর্থকের উপস্থিতি দেখেননি ফখর। বাংলাদেশে এসে যে এমন কিছুর সাক্ষী হবেন, তা আশা করেননি এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। তাদের (বাংলাদেশের) ভক্তরাও আমাদের সমর্থন করছে, যা খুবই খুশির ব্যাপার। আমার একদমই বিশ্বাস হচ্ছে না। যারা মাঠে আসছে এবং পাকিস্তানকে সমর্থন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা।’