জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মিলন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শুক্রবার (১৮ জুন) উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল এলাকা থেকে স্বামী মিলন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে ধনবাড়ী উপজেলার ইসপিঞ্জাপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সীমা আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন সরিষাবাড়ী ডোয়াইল পশ্চিম পাড়ার মৃত শাহজাহান ম্যানেজারের ছেলে মিলন মিয়া। বিয়ের পর থেকেই স্ত্রী সীমা আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল স্বামী মিলন মিয়া। এ যৌতুকের টাকা না পেয়ে মাঝে মধ্যে সীমা আক্তারের ওপর চালাতো শারীরিক ও মানসিক নির্যাতন। এ নিয়ে তাদের দাম্পত্যে বনিবনা হচ্ছিল না।
এক পর্যায় ৯ জুন যৌতুকের দাবিতে সীমা আক্তারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন স্বামী মিলন মিয়া। এ অভিযোগে বৃহস্পতিবার সীমা আক্তারের বাবা দেলোয়ার হোসেন বাদি হয়ে জামাতা মিলন মিয়া ও তার প্রথম স্ত্রী শাহিনা আক্তারের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, যৌতুকের মামলায় মিলন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।