রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম মতুবা খাতুন (৬০)। তিনি উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলী কবিরাজের স্ত্রী। শনিবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলী কবিরাজের সাথে ১০ শতক জমি নিয়ে প্রতিবেশি সুলতান মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার আইয়ুব আলী ও তার স্ত্রী জমিতে গাছের চারা রোপন করতে যান। এসময় সুলতানের নেতৃত্বে ৮/১০ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আইয়ুব আলী ও তার স্ত্রী মতুবা খাতুনের ওপর হামলা চালায়। এসময় সুলতান কোদাল দিয়ে মতুবা খাতুনের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন মতুবাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রাতে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের জামাতা মজিবর রহমান ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নুর ইসলাম ওরফে কেতা, তার স্ত্রী আমেনা খাতুন ও সুলতানের স্ত্রী কলিমন নেছা।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।