রংপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি অবস্থান করা স্কুলছাত্রীকে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টায় বদরগঞ্জ থানা পুলিশ তাকে নিয়ে যায়। জেলার বদরগঞ্জের লোহানি পাড়া ইউনিয়নের মাদাই খামার জেলেপাড়ায় বিয়ের দাবিতে করছিল নবম শ্রেণির ওই শিক্ষার্থী।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, মেয়েটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে শুক্রবার থানায় নিয়ে যাওয়া হয়। ছেলেপক্ষ এবং মেয়েপক্ষের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিয়ের দাবিতে অবস্থানে বসা ওই শিক্ষার্থী জানান, সাগর বিশ্বাসের সঙ্গে আমার সাড়ে ৩ বছরের প্রেম। আমরা স্বামী স্ত্রীর মতো মেলামেশাও করেছি। কিন্তু সাগর এখন আমাকে ছেড়ে দিনাজপুরের ফুলবাড়ি থানার বেলঘাটা ইউনিয়নে একটি মেয়েকে বিয়ে করতে যায় ২৬ জুলাই সকালে। এটা শুনে আমি তাদের বাড়িতে অবস্থান নিয়েছিলাম।
সে বলে, শুক্রবার বিকেলে পুলিশ আমাকে থানায় যায়। যদি আমার বিয়ের বন্দোবস্ত করা না হয় তাহলে আমি আবারো সাগর বিশ্বাসের বাড়িতে অবস্থানে বসবো।
সাবেক জনপ্রতিনিধি আইয়ুব আলী জান্তু জানান, গত ২৬ জুলাই মেয়েটি বিয়ের দাবিতে সাগরদের বাড়িতে অবস্থান করে। এ ঘটনার তিনদিন আগে অন্য এক মেয়ের সঙ্গে সাগরের আশীর্বাদ হয়। যৌতুক বাবদ ১ লাখ ৪০ হাজার এবং স্বর্ণালংকার বাবদ ৫০ হাজার টাকা সাগরের বাবাকে বুঝিয়ে দেয় মেয়েপক্ষ।
এদিকে এ খবর জানতে পেরে সাগর বিশ্বাসকে নতুন বিয়ে ঠিক হওয়া তরুণীর পরিবার আটকে রাখে। পরে স্থানীয়ভাবে ২৮ জুলাই বৈঠকে বসে ২ লাখ ৫০ হাজার টাকা ওই মেয়ের পক্ষকে দেয়ার শর্তে ছেলেকে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। তবে সময়মতো টাকা দিতে না পারায় তারা সাগরকে ছাড়েনি। বরং দেরি হওয়ায় তারা ১০ লাখ টাকা দাবি করেছে।
বিষয়টি নিয়ে এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মেয়ে এবং ছেলেপক্ষ উভয়ই থানায় অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে অবস্থানে বসা শিক্ষার্থীসহ উভয়পক্ষকে থানায় ডেকে নিয়ে গেছে পুলিশ।