নির্বাচন কমিশন ঘোষিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আগামী ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। এসময়ে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর সিটি করপোরেশনে (মেয়র পদে), পাঁচটি পৌরসভায় (মেয়র পদে) ও ৫৪টি ইউনিয়ন পরিষদে (চেয়ারম্যান পদে) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের আগামী ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে (প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
আগ্রহীদের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
আগামী ২৭ ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশনে (মেয়র পদে), পাঁচটি পৌরসভায় (মেয়র পদে) ও ৫৪টি ইউনিয়ন পরিষদে (চেয়ারম্যান পদে) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী— রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি।