করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় মাস্ক পরিধান না করায় একজনকে জরিমানা, অন্যদের সর্তক করা হয়। এসময় ২০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটি শহরের বনরূপা ও রিজার্ভ বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন (মিঠু) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন (মিঠু) বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কাউকে মাস্কবিহীন যেমন সেবা দেয়া হচ্ছে না, তেমনি কাউকে রাস্তাঘাটে মাস্কবিহীন পেলে তাকেও জরিমানা করা হচ্ছে।
তিনি আরও জানান, আজ সাপ্তাহিক হাট বাজার হওয়ার কারণে জেলার প্রত্যন্ত এলাকা থেকে লোকজন এসেছে, তাদের জরিমানা না করে মাস্ক ব্যবহারে উৎসাহী করা হয়েছে, এবং যাদের মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জেলায় মোট করোনা আক্রান্ত ১ হাজার ১৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে রাঙামাটি সদরের একজনের পজিটিভ পাওয়া যায়।