রাজধানীর উত্তরা রবীন্দ্র সরণি রোডে আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা ও অনিক।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণি রোডের আমির কমপ্লেক্সের সামনে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হনুফা নামে এক নারী ও অপর আরোহী এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহতরা একে অপরের আত্মীয় কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া জানান, উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জন মারা গেছে। তাদের মধ্যে অনিক আজ সকাল ৭টা ৫০ মিনিটের সময় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এনামুল, হনুফা মারা গেছেন।