রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতার ব্যক্তির নাম মো. কামাল (২৯)।
শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আগানগর ইস্পাহানী নুরমহল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. কামালকে (২৯) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।