রাজধানীতে এসএসসি-সমমান শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের কেন্দ্রমুখী যাত্রায় পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে যানজট বাধে।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আশপাশের সড়কগুলোতে এমন চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই একে একে শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গেই ছিলেন তাদের পরিবারের সদস্য। শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার পর পরিবারের সদস্যদের থাকতে হয় গেটের বাইরে। ফলে সৃষ্টি হয় যানজটের।
এছাড়া কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে।
এদিকে রাজধানীতে গত কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে অধিকাংশ সড়কেই লেগে থাকছে ঘণ্টার পর ঘণ্টা যানজট। সেই সঙ্গে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রাজধানীতে বিভিন্ন সড়কে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।
মুনিবুর রহমান বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টি ও খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা দেয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।’
যানজট এড়াতে শিক্ষা মন্ত্রণালয় এ বছর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করেছে।