করোনার টিকা নেওয়ার আগ্রহ বেড়েই চলছে। দেশজুড়ে গণটিকাদানের চতুর্থ দিনে এসে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের নির্ধারিত কোটা ফুরিয়ে গেছে। অনেকে তাই অন্য হাসপাতালে গিয়ে টিকা দিতে হয়েছে। এদিন সরকারের দুজন উপদেষ্টা ছাড়াও আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক টিকা নিয়েছেন। তিনি বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড টিকা গ্রহণ করেন।
করোনার টিকায় বাড়ছে আস্থা। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে এখন সেই চিত্র স্পষ্ট হয়ে ওঠেছে।
সকাল ৮টা বাজতে না বাজতেই দীর্ঘ লাইন দেখা গেছে টিকাদান কেন্দ্রে। বাংলাদেশের মতো এমন উন্নয়নশীল দেশে থেকেও এতো দ্রুত টিকা দিতে পেরে স্বস্তি ছিল সবার মাঝে।
তবে এরমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতলের নির্ধারিত কোটা শেষ হওয়ায় এখানে যারা স্পট রেজিস্ট্রেশন করছেন তাদের নিবন্ধন হলেও যেতে হচ্ছে ভিন্ন কেন্দ্রে। এতে কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান টিকা নিতে আসারা।
এ হাসপাতালেই করোনার টিকা নেন প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা। ১২টা নাগাদ টিকা নেন গওহর রিজভী, ঘণ্টাখানেক পরে সপরিবারে টিকা নেন সালমান এফ রহমান। আইনমন্ত্রী আনিসুল হকও টিকা নেন কুর্মিটোলায়।
করোনার টিকা নিতে মঙ্গলবার পর্যন্ত প্রায় সাত লাখ মানুষ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা টিকা নিতে পারছেন না।