রাজধানীর ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে জিনিয়া ইসলাম জয়া ওরফে টুম্পা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশায় তার সঙ্গে থাকা টুম্পার বন্ধু তানভীর আহমেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ধানমন্ডি পপুলার মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৩ (সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধানমন্ডি এক নম্বর রোডের ৪১ নম্বর বাসার সামনে রিকশা থেকে পড়ে যান জিনিয়া। এ সময় তার বন্ধু তানভীর তার সঙ্গে রিকশায় ছিলেন।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৩ সেপ্টেম্বর রাতে রিকশা যোগে বন্ধু তানভীরের সঙ্গে নিউমার্কেট থেকে জিগাতলায় যাচ্ছিলেন টুম্পা। ধানমন্ডি এক নম্বর রোডে পৌঁছালে রিকশা থেকে পড়ে যান টুম্পা। পরে দ্রুত তাকে তানভীর পপুলার মেডিক্যালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় টুম্পার বড় ভাই আতিকুল ইসলাম তানভীরের নামে হত্যা মামলা করেছেন। তানভীরকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তানভীর বর্তমানে রিমান্ডে আছেন। টুম্পা রিকশা থেকে পড়ে গিয়ে নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্তের পর জানা যাবে।
টুম্পা ভাই আতিকুল বলেন, তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে। বাবার নাম মৃত জহিরুল ইসলাম। টুম্পা হাজারীবাগ জিগাতলা গাবতলা মসজিদের পাশে একটি মেসে থেকে চাকরির খোঁজ করছিলেন। দুই ভাই বোনের মধ্যে টুম্পা সবার ছোট।
তিনি আরও বলেন, ঘটনার দিন তানভীর নামে এক ছেলে টুম্পার সঙ্গে রিকশায় ছিলেন। টুম্পা রিকশা থেকে পড়ে যায়। কিন্তু ছেলেটি অক্ষত থাকে। এটা আমাদের সন্দেহ হয়। তাই তানভীরের নামে মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করে বের করবে ঘটনার দিন আসলে কি হয়েছিল।