ঢাকা-চিটাগাং মহাসড়ক সাইনবোর্ডে ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় শরীফ খান (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে সাইনবোর্ড ফুটওভার ব্রিজের নিচে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পরে পিকআপ চালক মোরসালিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সোয়া ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মোরসালিনের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের কাছে জাতীয় পরিচয় পত্র দেখে তার নাম জানা গেল শরীফ খান। বাড়ি সারুলিয়া ডেমরা। সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে পিকআপভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন থানার সীমানায় পড়েছে বা কিভাবে ঘটনাটি ঘটেছে এখনো বিস্তারিত জানা যায়নি।