রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের রফতানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামাল উদ্ধার করেছে র্যাব। এসময় এ কাজে জড়িত থাকায় সংঘবদ্ধ আন্তঃ জেলা চোরচক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গার্মেন্টস পোশাক সামগ্রী উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১১ টায় র্যাব-৪ মিরপুরের পাইকপাড়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।